কয়লার গর্তে মাটিচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৭

তাহিরপুরে সীমান্ত

-প্রতীকী ছবি।

তাহিরপুর সীমান্তে অবৈধভাবে ভারতে গিয়ে কয়লা সংগ্রহ করতে গিয়ে মাটি ও পাথরচাপায় ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট—বাঁশতলা সীমান্তবর্তী ভারতের মেঘালয় গারো পাহাড়ের একটি কয়লার গর্তে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের (পশ্চিমপাড়া) ছমির উদ্দিনের ছেলে।

 


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ১০—১৫ জনের একটি দল বিজিবির চোখ ফাঁকি দিয়ে চারাগাঁও সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের ‘বেপানাক’ নামক এলাকায় প্রবেশ করে। সেখানে একটি গভীর গর্ত (সুরঙ্গ) থেকে কয়লা কুড়িয়ে বস্তায় ভরার সময় হঠাৎ ওপর থেকে পাথর ও ভারী মাটি ধসে ইউনুস আলীর উপর পড়ে। এতে তিনি ভেতরে আটকা পড়েন। তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অক্ষত অবস্থায় বের হয়ে এসে স্বজনদের খবর দেন। পরে দুপুর সাড়ে ১২টা থেকে ১টার দিকে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

 


স্থানীয়দের অভিযোগ, সীমান্তে সক্রিয় একটি প্রভাবশালী চোরাচালান চক্র এলাকার দরিদ্র যুবক ও কিশোরদের প্রলোভন দেখিয়ে ভারতের ঝুঁকিপূর্ণ কয়লার গুহাগুলোতে পাঠায়। এতে প্রায়শই জীবনহানির মতো ঘটনা ঘটে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে কয়লা আনতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বজনরা ইতোমধ্যেই তার লাশ উদ্ধার করে নিয়ে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


তিনি আরও বলেন, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চারাগাঁও এলাকার আন্তর্জাতিক সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১০ কি.মি. ভারতের অভ্যন্তরে কলারছড়া নামক স্থানে বাংলাদেশী নাগরিক মো. ইউনুস আলী (২২) দীর্ঘদিন যাবৎ ভারতে অবস্থান করে কয়লা শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। বুধবার ৯টা ৪৫ মিনিটে ভারতের অভ্যন্তরে কয়লা কোয়ারীতে কাজ করার সময় মাটি চাপা পড়ে সে মৃত্যুবরণ করে। পরবর্তীতে তার সাথে থাকা লোকজন মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। স্থানীয় মেম্বার বিষয়টি তাহিরপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশি কার্যক্রম শেষে দাফন সম্পন্ন করা হয়।  মৃত ব্যক্তির সাথে থাকা অন্যান্য বাংলাদেশী নাগরিকদের বিস্তারিত নাম ও ঠিকানা সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও এই এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার