প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১০:৫৯
সংগৃহীত ছবি
সিলেটে চারটি বেসরকারি হাসপাতালে পৃথক অভিযানে তিনটিকে জরিমানা এবং একটি হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন। বুধবার (২২ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের যৌথ অভিযানে নগরীর দুটি হাসপাতালে জরিমানা করা হয়। একই সঙ্গে হাসপাতাল দুটিকে লাইসেন্স নবায়নের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
জরিমানাকৃত হাসপাতাল দুটি হলো নগরীর হাওয়াপাড়া এলাকার সেন্ট্রাল হাসপাতাল এবং আম্বরখানা দর্শনদেউড়ি এলাকার সুরমা ভ্যালি হাসপাতাল।
এর আগে সোমবার (২০ জুলাই) মির্জাজাঙ্গাল এলাকার সেফওয়ে হাসপাতাল এবং মঙ্গলবার (২১ জুলাই) শিবগঞ্জ এলাকার আল-বারাকা চক্ষু হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে সেফওয়ে হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করা হয়। এছাড়া আল-বারাকা চক্ষু হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করে দুই সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নগরীর হাওয়াপাড়া এলাকার সেন্ট্রাল হাসপাতালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়।
পরে সুরমা ভ্যালি হাসপাতালে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে হাসপাতাল কর্তৃপক্ষকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়। একই অভিযানে সুরমা ভ্যালি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব বলেন, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে লাইসেন্স না থাকা এবং বিভিন্ন অনিয়মের কারণে সুরমা ভ্যালি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার জন্য ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় সিলেটের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। লাইসেন্স, আইনগত অনুমোদন এবং ওষুধ বিক্রির বিধিবিধান যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ কার্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: কালবেলা .কম
এমডি
সিলেট থেকে আরো পড়ুন