প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ১৮:৫৯
৫ম নাসরিন সুলতানা মেধাবৃত্তির পুরস্কার বিতরণ এবং সরকারি প্রাথমিক বৃত্তি—২০২৫ পাওয়া ফারিহা একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ফারিহা একাডেমির হলরুমে নাসরিন সুলতানা মেধাবৃত্তি—২০২৫ পাওয়া ২৯ জন এবং সরকারি প্রাথমিক বৃত্তি—২০২৫ পাওয়া ১১ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম, দৈনিক সুনামগঞ্জের খবর—এর অনলাইন সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী ও শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার।
বক্তারা বলেন, সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি সন্তানের প্রতিভা ও আগ্রহকে গুরুত্ব দিতে হবে। অতিরিক্ত আবদার পূরণ না করে তাদের নিরাপত্তা ও ভবিষ্যতের বিষয়েও অভিভাবকদের সচেতন থাকতে হবে।
বক্তারা আরও বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জন জরুরি। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক রিপা দে। সভাপতিত্ব করেন ফারিহা একাডেমির প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আমিনুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন শিক্ষার্থী সীমান্ত মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন