ছেলেকে কোলে নিয়ে ‘বাবা’ গানের সুর তুললেন নোবেল

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১২:১০

সংগৃহীত ছবি 

কনসার্টে গান গাইতে গিয়ে ভক্তদের জন্য স্মরণীয় এক মুহূর্ত উপহার দিলেন গায়ক মাইনুল আহসান নোবেল। পরিবেশনার মাঝেই প্রথমবারের মতো সবার সামনে নিয়ে এলেন তার ৯ মাসের ছেলেকে। ছেলেকে কোলে তুলে নিয়ে আবেগাপ্লুত নোবেল পরিবেশন করেন নগরবাউল জেমসের কালজয়ী গান ‘বাবা’। 

 

 

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে হঠাৎ করেই ছেলেকে মঞ্চে নিয়ে আসায় উপস্থিত দর্শক-শ্রোতারা চমকে যান। পরে নোবেলের আবেগঘন পরিবেশনা ও সন্তানের প্রতি ভালোবাসার প্রকাশে উচ্ছ্বাসে ভেসে ওঠেন অনুরাগীরা। অনেকেই মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

 

 

একটি ভিডিওতে দেখা যায়, গান গাওয়ার একপর্যায়ে মাইক্রোফোন হাতে নোবেল দর্শকদের উদ্দেশ্যে আবেগপ্লুত হয়ে বলেন, আমিও কিন্তু বাবা হয়েছি। আমার যে ছেলে, তার বয়স ৯ মাস। সে আজ কনসার্ট দেখতে এসেছে। আপনাদের সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই।

 

 

এ সময় তিনি মঞ্চের পেছনের দিকে হেঁটে যান এবং সেখান থেকে ছেলেকে কোলে তুলে নিয়ে আবার মঞ্চে ফিরে আসেন। সন্তানকে বুকে জড়িয়ে ধরে তিনি উপস্থিত সবাইকে জানান, ছেলের নাম রেখেছেন ‘নোবেল জুনিয়র’। সে সময় পুরো কনসার্ট প্রাঙ্গণ জুড়ে শুরু হয় ভক্তদের তুমুল করতালি ও উল্লাস।

 

 

ছেলেকে পরম আদরে কোলে নিয়ে জেমসের বিখ্যাত ‘বাবা’ গানে সুর তোলেন নোবেল। এ সময় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। গান গাওয়ার পুরোটা সময় কোলের সন্তানকে স্নেহে আগলে রেখেছিলেন নোবেল, আর দর্শক সারির অনেকেই ফোনের আলো জ্বালিয়ে গায়কের এমন পিতৃস্নেহের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন।

 

 

উল্লেখ্য, গত বছর জুন মাসে প্রথম জানা যায় নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়ার সংসারে নতুন অতিথি আসতে যাওয়ার খবর। এরপর বাবা হওয়ার এই দীর্ঘ সময় শেষে এবারই প্রথম কোনো কনসার্টের মঞ্চে ছেলেকে প্রকাশ্যে আনলেন এই গায়ক।
সূত্র: যুগান্তর .কম
এমডি

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার