প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১০:৪০
সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলো থেকে বিদায়ের হতাশা কাটিয়ে এখন ভবিষ্যতের পরিকল্পনায় মনোযোগ দিচ্ছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। সামনে নতুন করে পুরো দল ঢেলে সাজানোর ইঙ্গিত দিয়েছেন এই ইতালিয়ান কোচ।
বুধবার ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে তার প্রতিশ্রুতি এখনও অটুট। ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন তিনি।
আনচেলত্তি বলেন, ‘এটি কোনো চুক্তির বিষয় নয়; কারণ সেটি মোটেও নয়। এর মূল কারণ হলো সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) এবং এই দেশের প্রতি আমার একটি প্রতিশ্রুতি রয়েছে, কারণ এই প্রথম বছরে দেশটি আমাকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।’
হেক্সা জয়ের মিশনে ২০২৬ ফিফা বিশ্বকাপে পা রাখলেও খালি হাতে ফিরতে হয়েছে ব্রাজিলকে। নরওয়ের বিপক্ষে ষোলোর ম্যাচে হেরে শেষ হয় ব্রাজিলের বিশ্বকাপ মিশন। আনচেলত্তির অধীনে ১৯৯০ সালের পর এটি ব্রাজিলের সবচেয়ে দ্রুততম সময়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।
বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে আনচেলত্তি বলেন, ‘বিশ্বকাপের ফল আমাদের জন্য ভালো ছিল না। সবাই হতাশ, আমরাও দুঃখিত। তবে এখন অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে হবে। এই দেশে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই, তাদের নিয়েই ইতিবাচক ভবিষ্যৎ গড়া সম্ভব।’
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র গতকাল (বুধবার) জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আনচেলত্তির পরিকল্পনায় বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের জায়গায় সুযোগ পেতে পারেন তরুণরা।
দল পুনর্গঠনের প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন, ‘ইতিহাস বলে, একটি প্রজন্মের বিদায়ের পর আরেকটি প্রজন্ম আসে। নতুন প্রজন্মকে আগের চেয়ে আরও ভালো হতে হবে। এখন আমাদের সেই নতুন চক্র শুরু করার সময়।’
অ্যালিসন বেকার, কাসেমিরো, দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর মতো ৩৩ বছর বা তার বেশি বয়সি ফুটবলারদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে তাদের কাউকেই পুরোপুরি বাদ দেওয়ার ইঙ্গিত দেননি আনচেলত্তি। তিনি বলেন, ‘আমাদের ভাবনা হলো—কেউ কেউ হয়তো স্কোয়াডে থাকতে পারে, তবে আমাদের একটি নতুন চক্রের দিকে তাকাতে হবে এবং আমরা নতুন চক্রের দিকে তাকিয়ে নতুন খেলোয়াড়দের দলে নিয়ে আসব।
’
অভিজ্ঞদের অবদানও স্মরণ করেন আনচেলত্তি ‘তাদের প্রত্যেকের প্রতিই আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তারা ব্রাজিলের জন্য অসাধারণ অবদান রেখেছে। কিন্তু ফুটবলে একসময় একটি অধ্যায় শেষ হয়, আরেকটি অধ্যায় শুরু হয়।’
গত বছরের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেন আনচেলত্তি। ইতোমধ্যেই ২০৩০ ফিফা বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে সিবিএফ। বিশ্বকাপ পরবর্তী সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে ৩টি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের।
২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউন্সভিল ও ব্রিসবেনে স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর অক্টোবরের শুরুতে তৃতীয় ম্যাচটি কলকাতায় আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা এখনও নিশ্চিত করা হয়নি।
সূত্র: যুগান্তর .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন