প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১১:১৭
সংগৃহীত ছবি
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা নিয়ে এসেছে নতুন ওপেন-ওয়েট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘মিউজ গ্লিমার’। তিন হাজার কোটি প্যারামিটারযুক্ত শক্তিশালী এই এআই মডেলটি সরাসরি কম্পিউটারে ব্যবহারের পাশাপাশি সহজেই প্রয়োজন অনুযায়ী এআই এজেন্ট তৈরি করে দিতে পারে। এমনকি এআই এজেন্ট তৈরির জন্য আর ক্লাউড সার্ভারের ওপরও নির্ভর করতে হবে না।
মিউজ গ্লিমারের মূল বিশেষত্ব হলো- এটি সরাসরি ব্যবহারকারীদের কম্পিউটারে চালানো যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি বড় এআই মডেলগুলো সাধারণত ব্যবহারকারীদের অনুরোধ প্রথমে ইন্টারনেটের মাধ্যমে ডেটা সেন্টারে পাঠিয়ে থাকে। কিন্তু মিউজ গ্লিমার মডেলটি সেই কাজ ব্যবহারকারীর কম্পিউটারেই করতে পারে। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা যাবে। ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্দিষ্ট কিছু কাজ করা যাবে মডেলটিতে।
মেটার দেওয়া তথ্যমতে, মিউজ গ্লিমারকে সাধারণ চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি করা হয়নি। এটি মূলত ‘এজেন্টিক’ এআই মডেল। অর্থাৎ একাধিক ধাপে কাজের পরিকল্পনা করার পাশাপাশি মডেলটি সেগুলো বাস্তবায়ন করতে সক্ষম। স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন টুল ব্যবহারসহ মডেলটি কৃত্রিম ছবি তৈরি, কোড লেখা ও ত্রুটি সংশোধন করতে পারে। একসাথে টেক্সট ও ছবি বুঝতে পারার পাশাপাশি একশটির বেশি ভাষাও সমর্থন করে এই মডেলটি।
এছাড়া মিউজ গ্লিমার এআই মডেলের মাধ্যমে ডেভেলপাররা এমন এআই এজেন্ট তৈরি করতে পারবেন, যেটি কম্পিউটারের ফাইল, কোড লেখার সরঞ্জাম ও বিভিন্ন সফটওয়্যারের সঙ্গে সরাসরি কাজ করতে পারবে।
নতুন এআই মডেলটি নিয়ে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ‘মেটা ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহার সমর্থন করে। আর তাই এই মডেলটি উন্মুক্ত করতে পেরে মেটা গর্বিত।’
মূলত মিউজ গ্লিমারের মাধ্যমে মেটা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছে, যেখানে শক্তিশালী এআই শুধু ক্লাউডে নয়- ব্যবহারকারীর নিজের কম্পিউটারেও চলবে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজ ব্যবহারকারী নিজেই সম্পন্ন করতে পারবে।
সূত্র: কালবেলা .কম
এমডি
বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন