মেসির ফেরার দিনে হেরে বিদায় মায়ামির

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১১:৫৩

সংগৃহীত ছবি 

সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না লিওনেল মেসির। গত শনিবার বাবাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। সেই শোকের মধ্যেই মাত্র পাঁচ দিন পর মাঠে ফিরলেও সুখকর কোনো ফল পাননি তিনি। লিগস কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তার ক্লাব ইন্টার মায়ামিকে।

 

 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে নিজেদের মাঠে মেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় মায়ামি। ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মেসি।

 


বাবার মৃত্যুর পর মেসির মাঠে ফেরার সময় নিয়ে অনিশ্চয়তা ছিল। ইন্টার মায়ামির কোচ গিলের্মো হয়োসও নিশ্চিত করে কিছু বলেননি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচেই মাঠে নামেন বিশ্বকাপজয়ী এই তারকা।

 

 

প্রথমার্ধে বেঞ্চে থাকলেও বিরতির পর মাঠে নামেন মেসি। মাঠে নেমেই কয়েকটি আক্রমণ গড়ে তোলেন এবং সতীর্থদের জন্য সুযোগও তৈরি করেন। কিন্তু তার উপস্থিতি শেষ পর্যন্ত দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি।

 

 

ম্যাচজুড়ে বলের দখলে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। স্বাগতিকরা ৬২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ১৯টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। তবে তারা গোল করতে সক্ষম হয় মাত্র দুটি। অন্যদিকে লিওনের ১০টি শটের ৬টিই ছিল লক্ষ্যে এবং সেখান থেকে তারা আদায় করে নেয় তিনটি গোল।  

 

 

প্রথমার্ধের ৪২ মিনিটে ইয়ান ফ্রের পাস থেকে ড্যানিয়েল পিন্টার গোল করে মায়ামিকে এগিয়ে দেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

 

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর মেসিকে মাঠে নামায় মায়ামি। তবে ৫০ মিনিটে ড্যানিয়েল আর্চিলার গোলে সমতায় ফেরে লিওন। তিন মিনিট পরই ইয়ানিক ব্রাইট গোল করে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে দেন মায়ামিকে।

 

 

কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মেসির দল। ৬১ মিনিটে হুয়ান পাওলো ডমিঙ্গেজ গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে লিওনকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন আর্চিলা। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি ইন্টার মায়ামি।

 


এই হারের ফলে লিগস কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে ইন্টার মায়ামির। আর ব্যক্তিগত শোকের মাঝেও মাঠে ফিরে হতাশাই সঙ্গী হলো লিওনেল মেসির।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার