প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৮:৪৪
সংগৃহীত
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ‘PUSAB Presents: Monthly Webinar—Road to BCS’ শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে বিসিএস পরীক্ষার প্রস্তুতি, পড়াশোনার কৌশল, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন PUSAB-এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোবারক হোসাইন মিসির। তিনি ৪৬তম বিসিএসে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন PUSAB-এর ১৩তম কার্যনির্বাহী কমিটির উপপ্রচার সম্পাদক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলতানা রাজিয়া আশা।
আলোচনার শুরুতে বিসিএস প্রস্তুতির প্রাথমিক ধাপ ও সঠিক পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন মোবারক হোসাইন মিসির। তিনি নতুন প্রার্থীদের প্রস্তুতির শুরুতেই বিস্তৃত সিলেবাসকে পরিকল্পিতভাবে ভাগ করে নেওয়া এবং নিয়মিত অধ্যয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একাধিক বই সংগ্রহের পরিবর্তে নির্ভরযোগ্য একটি বই ভালোভাবে পড়া এবং বারবার অনুশীলনের পরামর্শ দেন।
ওয়েবিনারে দীর্ঘমেয়াদি প্রস্তুতিতে মানসিক দৃঢ়তা ও ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পায়। প্রস্তুতির সময়ে ব্যর্থতা, হতাশা ও একঘেয়েমি মোকাবিলা করে কীভাবে আত্মবিশ্বাস ও মনোযোগ ধরে রাখা যায়, সে বিষয়ে নিজের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পরামর্শ দেন বক্তা।
এ ছাড়া ৪৬তম বিসিএসে তাঁর নিজের প্রস্তুতি ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরে কার্যকর পড়াশোনার কৌশল, দৈনন্দিন অভ্যাস এবং প্রস্তুতির বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করেন তিনি। বর্তমান বিসিএস প্রার্থীদের উদ্দেশে লক্ষ্য নির্ধারণ, ধারাবাহিক অধ্যয়ন ও আত্মবিশ্বাস ধরে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শও দেন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এ আয়োজনে বিসিএস প্রত্যাশী শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিসিএস প্রস্তুতির বাস্তবধর্মী বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন বক্তা।
পুসাব-এর বর্তমান সভাপতি আবুল হাসনাত বলেন, “তারুণ্যের স্বপ্নপূরণ ও ক্যারিয়ার গঠনে পুসাব (PUSAB) সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চাকরি প্রত্যাশীদের জন্য আমাদের নিয়মিত আয়োজন মাসিক ওয়েবিনার ‘ROAD TO BCS’ দিয়ে সফল ভাবে যাত্রা শুরু করেছি। ৪৬তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোবারক হোসাইন মিসির ভাইদের মতো সফল ব্যক্তিত্বদের দিকনির্দেশনা সাধারণ শিক্ষার্থীদের সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আজকের এই সফল আয়োজন প্রমান করে যে দিকনির্দেশনামূলক উদ্যোগের প্রয়োজনীয়তা কতখানি। তরুণ সমাজকে দক্ষ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হিসেবে গড়ে তুলতে পুসাব ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখবে।”
পুসাব-এর বর্তমান সাধারণ সম্পাদক রবিউল আউয়াল বলেন, “বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার জন্য সঠিক পরিকল্পনা ও অভিজ্ঞদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ। ‘Road to BCS’ ওয়েবিনারের মাধ্যমে শিক্ষার্থীদের সেই সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যেতে চাই।
উপজেলার খবর থেকে আরো পড়ুন