প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৯:১১
সংগৃহীত ছবি
মাদ্রাসা শিক্ষক—কর্মচারীদের ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের দাবি—দাওয়া বাস্তবায়নের প্রত্যয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক—কর্মচারী ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী সম্মেলন হয়। জেলার বিভিন্ন উপজেলার মাদ্রাসা থেকে আগত শত শত শিক্ষক—কর্মচারীর প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে।
অরুণোদয় ইসলামীয়া কামিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মো. ময়নুল হকের সভাপতিত্বে এবং মাওলানা সালেহ আহমদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল দিলাওয়ার হোসেন আজিজী। প্রধান বক্তার বক্তব্য দেন সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল মো. আলাউদ্দিন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সহ—সভাপতি প্রিন্সিপাল মো. আফজাল হোসেন তালুকদার, প্রিন্সিপাল জামাল উদ্দিন, সিলেট জেলা সভাপতি প্রিন্সিপাল মো. আব্দুল হাই, হবিগঞ্জ জেলা সভাপতি প্রিন্সিপাল মুফতি আলী আকবাছ মোল্লা, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল কামরুজ্জামান চৌধুরী এবং মৌলভীবাজার জেলা আহ্বায়ক ভাইস প্রিন্সিপাল মো. ওহীদুজ্জামান চৌধুরী।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষক—কর্মচারীরা অসামান্য ভূমিকা পালন করলেও তারা দীর্ঘদিন ধরে মৌলিক সুযোগ—সুবিধা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
এ সময় শিক্ষক নেতারা সরকারের কাছে বেশ কয়েকটি যৌক্তিক দাবি তুলে ধরেন। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— দ্রুত জাতীয় পে—স্কেল ঘোষণা ও বাস্তবায়ন, বাড়িভাড়া বৃদ্ধি এবং শতভাগ উৎসব ভাতা প্রদান, হাওরাঞ্চলের শিক্ষক—কর্মচারীদের জন্য বিশেষ ‘হাওর ভাতা’ চালু, ইবতেদায়ী শিক্ষকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো উপবৃত্তি প্রদান, শিক্ষক—কর্মচারীদের জন্য বদলি ব্যবস্থা চালু এবং চাকরিগত বৈষম্য দূরীকরণ।
নেতৃবৃন্দ আরও বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক জটিলতা নিরসন এবং শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনকে আরও শক্তিশালী করার বিকল্প নেই। সকল ন্যায্য দাবি আদায়ে শিক্ষক—কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি আহ্বান জানান তাঁরা।
সম্মেলন শেষে উপস্থিত সকল শিক্ষক—কর্মচারী তাঁদের অধিকার আদায়ের লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন