শ্রমিক কল্যাণ ফেডারেশনের  দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৯:১৯

সু.খবর ছবি

শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যোগে বিশেষ শ্রমিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সমাবেশ হয়।


জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি লুৎফর রহমান দুলালের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।


তিনি বলেন, প্রচলিত পুঁজিবাদী ও সমাজবাদী অর্থনৈতিক ব্যবস্থা শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। দিনরাত কঠোর পরিশ্রম করেও শ্রমিকরা আজ ন্যায্য মজুরি, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
তিনি আরও বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কেবল অর্থনৈতিক নয়, এটি মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই মালিক—শ্রমিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা সম্ভব।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ—সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমেদ রাজু, জেলা উপদেষ্টা অ্যাডভোকেট শামছ উদ্দিন এবং অধ্যাপক আবদুল্লাহ।


বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ইসলাম শ্রমে মর্যাদা এবং শ্রমিকের সামাজিক নিরাপত্তার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। তাই শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।


জেলার বিভিন্ন উপজেলা ও পেশাজীবী ইউনিয়নের বিপুলসংখ্যক শ্রমিক প্রতিনিধি ও দায়িত্বশীলদের উপস্থিতিতে সমাবেশ প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠান শেষে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কার্যকর ইসলামী শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার