প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৯:২৭
সু.খবর ছবি
তাহিরপুরে লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ভোটকেন্দ্র হিসেবে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন তিন গ্রামের বাসিন্দারা। শনিবার বিকাল ৪টায় উপজেলার আনন্দবাজারে লেদারবন্দ, বিন্নারবন্দ ও হাপানিয়া গ্রামের ভোটারদের উদ্যোগে মানববন্ধন হয়।
সাবেক ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জহুর, নুর মিয়া, হাফিজ মিয়া, মুছলিম উদ্দিন, মাওলানা জসিম উদ্দীন, নুরু মিয়া ও মনা মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বড়দল (দক্ষিণ) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্বাধীনতার পর থেকে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে কখনো কোনো অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি।
বক্তারা আরও জানান, এই কেন্দ্রে তিনটি গ্রামের প্রায় ২ হাজার ১৪৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রটি সুবিধাজনক স্থানে অবস্থিত হওয়ায় বিশেষ করে নারী, প্রবীণ, অসুস্থ ও প্রতিবন্ধী ভোটাররা সহজে যাতায়াত করতে পারেন। সম্প্রতি খসড়া তালিকায় কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের উদ্যোগের খবর পেয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এটি পরিবর্তন করা হলে সাধারণ ভোটারদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হবে।
মানববন্ধন থেকে লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্থায়ী ভোটকেন্দ্র হিসেবে বহাল রাখতে জেলা নির্বাচন কর্মকর্তার প্রতি দাবি জানানো হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেন, গত বৃহস্পতিবার এই কেন্দ্রের বিষয়ে শুনানি ছিল। রবিবার আবার শুনানি হবে। পুরোনো ভোটকেন্দ্র সহজে স্থানান্তর করা হয় না। এখানকার ভোটারদের অসুবিধা না হলে কেন্দ্রটি বহাল থাকতে পারে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন