প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৮:০৩
ছবি : সংগৃহীত
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৮২ জন প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ—৫ পাওয়া ৬২ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ ও অতেন্দ্র চন্দ্র সরকার। সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ও সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সত্যব্রত চক্রবর্তী, লিটন রঞ্জন তালুকদার, অনুপ নারায়ণ তালুকদার, আনোয়ার হোসেন, মো. শামসুদ্দিন, ফারুক আহমেদ, ফয়জুর রহমান, আব্দুল মান্নান ও সাঈদুর রহমান।
বক্তারা বলেন, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও মেধার স্বাক্ষর ধরে রেখেছে এই শিক্ষার্থীরা। তাদের এই সাফল্য শুধু তাদের একা নয়— শিক্ষক, অভিভাবক ও পুরো জুবিলী পরিবারের সম্মিলিত চেষ্টার ফল। আগামী দিনে নৈতিকতা, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা দেশের মুখ আরও উজ্জ্বল করবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি ৫ম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন। অভিভাবকদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মো. শাহিনুর রহমান এবং নাছরিন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন