প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৯:৩১
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তাহিরপুর উপজেলার একতা বাজার থেকে নদীপথে এক বর্ণাঢ্য নৌকা বহর ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র ধরায় আগমনের স্মরণে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে নদীপথে সৃষ্টি হয় এক অপূর্ব ও হৃদয়ছোঁয়া দৃশ্য।
বুধবার সকাল ৯টায় তাহিরপুর ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে এ জশনে জুলুস আয়োজিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে আলা হযরত সুন্নি সংঘ, মদিনার আলো যুব সংঘ, কাদেরিয়া ফাউন্ডেশন বাংলাদেশ, আনজুমানে ইখওয়ানে তরিকত লেদারবন্দ, কুরকান্দি আস-সিরাজুম মুনিরা যুব সংঘসহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা।
নৌকাযোগে জুলুসটি একতা বাজার থেকে শুরু হয়ে হলহলিয়া, মাটিকাটা, হাফানিয়া, লেদারবন্দ ও বিন্দাবন্দ হয়ে বড়ছড়া বাজারে গিয়ে পৌঁছায়। সেখানে বিশেষ মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে জুলুসটি নতুন বাজার সেতু, কাউকান্দি বাজার, বোরখারা ও চরগাঁওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে। নদীপথের এই পথপরিক্রমা শেষে জুলুসটি পুনরায় হলহলিয়া হয়ে একতা বাজারে এসে এক প্রীতি সমাবেশে মিলিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য জশনে জুলুসে অংশগ্রহণকারী সকল পীর-মাশায়েখ, আলেম-উলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ জনসাধারণের প্রতি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন