মসজিদে না থেকেও নেন সরকারি সম্মানী!

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ০০:০৩

হাফিজের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, মানববন্ধন

ইমাম—মুয়াজ্জিনের ভুয়া পরিচয়, ট্রাভেল ব্যবসার নামে বিদেশে পাঠানোর প্রলোভন সহ নানা অভিযোগ উঠেছে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের হাফিজ উদ্দিনের বিরুদ্ধে। মসজিদে কোনো দায়িত্ব পালন না করেও ইসলামিক ফাউন্ডেশনের ‘মসজিদভিত্তিক সহজ কুরআন শিক্ষা কার্যক্রম’ থেকে সরকারি সম্মানী ভাতা হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

 


শুক্রবার বাদ জুমা উপজেলার পশ্চিম টেংরাটিলা জামে মসজিদসংলগ্ন এলাকায় এজন্য মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য দেন পশ্চিম টেংরাটিলা জামে মসজিদ কমিটির সভাপতি আসক আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনসহ আরও অনেকে। 

 


বক্তারা অভিযোগ করে বলেন, হাফিজ উদ্দিন পশ্চিম টেংরাটিলা জামে মসজিদের নাম ব্যবহার করে অনিয়মের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন। অথচ তিনি ওই মসজিদের ইমাম বা মুয়াজ্জিন—কোনো দায়িত্বেই নেই। যথাযথ তথ্য—প্রমাণ যাচাই না করে কীভাবে তাকে সরকারি এই কার্যক্রমে নির্বাচন করা হলো, তা নিয়েক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত তদন্ত সাপেক্ষে হাফিজ উদ্দিনকে অব্যাহতি দিয়ে বর্তমানে কর্মরত প্রকৃত ইমামকে বহাল করার জোর দাবি জানান বক্তারা।

 


এর আগে মসজিদ কমিটির সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত ইমামের সাথে কথা বলে হাফিজের দায়িত্ব পালনের বিষয়ে নানা গঅসঙ্গতির সত্যতা পাওয়া গেছে বলে জানান তারা। 
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ভুয়া বা মিথ্যা তথ্য প্রদান করে হয়তো তিনি যোগদান করেছেন। বিষয়টি নিবিড় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


শুধু সরকারি ভাতা আত্মসাৎই নয়, ট্রাভেল ব্যবসার আড়ালে প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ইসলামপুর গ্রামের ভুক্তভোগী মো. মুকবুল হোসেন অভিযোগ করেন, বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে হাফিজ উদ্দিন তার কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নেন। জমি—জমা ও সর্বস্ব বিক্রি করে বিদেশে পাড়ি জমিয়েও প্রতিশ্রুত কাজ পাননি মুকবুল। চুক্তি অনুযায়ী কোনো সুবিধা না পেয়ে বর্তমানে তিনি পরিবার নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

 


স্থানীয় সূত্রে আরও জানা যায়, সময় ও ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে হাফিজ উদ্দিনের রাজনৈতিক অবস্থানও পরিবর্তন হয়। আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেলেও, ক্ষমতার পটপরিবর্তনের পর বর্তমানে বিএনপি নেতাদের সাথে তার ঘনিষ্ঠতার ছবি ছড়িয়ে পড়েছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন বলেন, আমি পশ্চিম টেংরাটিলা জামে মসজিদের নাম দিয়ে উত্তর টেংরাটিলায় পড়াই। আর প্রবাসীরা বিদেশে গিয়ে কত কথা বলে—সব কথা কানে নিলে চলবে নাকি। এর বাইরে আর কোনো ব্যাখ্যা তিনি দেননি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার