প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১৩:৪৬
সু.খবর ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ পালন’ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সোমবার সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিপ্লব চন্দ্র সরকার, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনুপ নারায়ন তালুকদার, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই, উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নকশী দত্ত পৌরী, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ আলী আনোয়ার এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখেছেন। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে বার্তা রয়েছে, তা আজও আমাদের সমাজে সমানভাবে প্রাসঙ্গিক।
বক্তারা নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবনাদর্শ ও সাহিত্যকর্ম তুলে ধরতে নিয়মিত সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজনের উপর গুরুত্বারোপ করেন এবং কবির সাম্যের চেতনা ছড়িয়ে দিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কবির জীবন ও কর্ম আলোচনার পাশাপাশি বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নজরুল সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন