প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১১:৫০
শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান
সু.খবর ছবি
বিজিবি ও স্থানীয় প্রশাসনের যৌথ টাস্কফোর্স অভিযানে আনুমানিক ৩ কোটি ৫৮ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাই ভারতীয় শাড়ি ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৩:৪০ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)—এর একটি বিশেষ আভিযানিক দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলাধীন শান্তিগঞ্জ এলাকায় এই টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি মালিকবিহীন কাভার্ড ভ্যান তল্লাশি করে ২,৬৮৪ পিস বিভিন্ন প্রকার উন্নতমানের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়ি ও কাভার্ড ভ্যানের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে তিন কোটি আটান্ন লক্ষ ঊনিশ হাজার টাকা। যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সহকারী পরিচালক (বিজিডিও—৩২৩) মোঃ সেলিম রানার নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)—এর অধিনায়ক লে. কর্ণেল জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির এই অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। যাতে করে চোরাচালানের কারণে সরকার কোনো ধরনের রাজস্ব না হারায়। জব্দকৃত ভারতীয় শাড়ি ও কাভার্ড ভ্যানটি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়ার কার্যক্রম চলছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন