প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২২
জগন্নাথপুর পৌর এলাকায় ৪ দিন পর তালাবদ্ধ ঘর থেকে এক বৃদ্ধার পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে পৌরসভার ইনাতনগর এলাকা থেকে আছিয়া বেগম নামের ওই ষাটোর্ধ্ব বৃদ্ধার লাশ উদ্ধার করে থানা পুলিশ। ওই বৃদ্ধা ইনাতনগর এলাকার মৃত. খালিক মিয়ার স্ত্রী। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একমাত্র মেয়েকে বিয়ে দেওযার পর থেকে ওই বৃদ্ধা আছিয়া বেগম বাড়িতে একা থাকতেন। গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য জেলা শহর সুনামগঞ্জে যান আছিয়া বেগম। এরপর থেকে ওই বৃদ্ধার সাথে স্বজনদের কারো যোগাযোগ হয়নি। সোমবার রাতে স্থানীয়রা ওই তালাবদ্ধ ঘরটির পাশ দিয়ে যাতায়াতের সময় পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরে ঢুকে খাটের উপর কম্বল গায়ে অর্ধগলিত অবস্থায ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।
আছিয়া বেগমের মেয়ে কল্পনা বেগম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে মায়ের সাথে আর কোন যোগাযোগ হয়নি। একাধিক বার মোবাইলে ফোন করেও উনাকে পাইনি। তিনি বাড়িতে একাই থাকতেন।
কল্পনার স্বামী দিলশাদ মিয়া বলেন, আমার শ্বাশুড়ির সাথে কারো কোন শত্রুতাও ছিল না। তবে উনার কাছে চিকিৎসার জন্য নগদ ৪০ থেকে ৫০ হাজার টাকা ছিল। আমাদের ধারণা ওই টাকার জন্য উনাকে হত্যা করা হয়েছে এবং বাইরে থেকে ঘরে তালা দেওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ওই মহিলার দেহের বেশকিছু অংশ পঁচে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন