প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০৮
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে দিরাই পৌরসভার বাগবাড়ি গ্রামে ৫১ সদস্যের মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমা উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে আয়োজিত সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মোশাহিদ মিয়াকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যতের ওপর। মাদকের কারণে পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা, শিক্ষার অবনতি ও তরুণ সমাজের নৈতিক অবক্ষয় ঘটছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোশাহিদ মিয়া বলেন, কমিটি গঠনের পর আমাদের প্রথম কাজ হবে গ্রামের প্রতিটি ঘরে মাদকবিরোধী প্রচারণা চালানো। গ্রামের কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে এখনই তা ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। পরবর্তীতে কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন