‘পুরোনো রাজনৈতিক কালচারে আর ফেরা যাবে না’

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২০

জাতীয় ঐকমত্যের আহবান শিশির মনিরের

পুরোনো রাজনৈতিক কালচার, অনাস্থা ও দোষারোপের রাজনীতি পরিহার করে নতুনত্বের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

 


ভিডিও বার্তায় আইনজীবী শিশির মনির বলেন, ৫ই আগস্টের পর দেশের মানুষ একটি বুকভরা আশা নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। একটি স্বাধীন বিচার বিভাগ, মেধাভিত্তিক সমাজ, দুর্নীতমুক্ত ব্যবস্থা এবং সন্তানদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। সেই স্বপ্নকে আহত করবেন না।

 


দেশের সাধারণ মানুষের স্বপ্নকে পাখির বাসার সঙ্গে তুলনা করে তিনি বলেন, আপনাদের হয়তো ক্ষমতা আছে বুলডোজার দিয়ে টুনটুনি বা শালিকের বাসা ভেঙে দেওয়ার। কিন্তু সেই বাসা গুঁড়িয়ে দেওয়ার আগে চিন্তা করা দরকার— সেটি সাধারণ মানুষের আশ্রয় ও আবেগের জায়গা। কোনো ক্ষমতা বা দম্ভের জোরে জনগণের এই স্বপ্নকে ধূলিসাৎ করা যাবে না।

 


রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীল হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, রাজনীতিকে আর রাস্তায় ঠেলে দেওয়া ঠিক হবে না। কাউকে রাস্তায় ঠেলে দিলে পরিবেশ কারো নিয়ন্ত্রণে থাকে না। যা বসে সমাধান করা যায়, তা আলোচনার টেবিলেই করুন। পার্লামেন্ট সক্রিয় করে বিরোধী দলকে সুযোগ ও প্রণোদনা দিতে হবে। কোনো ব্যক্তিবিশেষের অহংকার বা জেদের কাছে ২০ কোটি মানুষের ভবিষ্যৎ আটকে থাকতে পারে না। 
দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণে মধ্যম পন্থা অবলম্বনের তাগিদ দিয়ে তিনি বলেন, রাজনীতি, অর্থনীতি, বিচার, ব্যবসা, সংস্কৃতি ও চিন্তাভাবনায় নতুনত্ব আনতে হবে। বিদ্যুৎ কিংবা গ্যাসের মতো জনভোগান্তির সমস্যাগুলো সরকারি ও বিরোধী দল মিলে আলোচনার টেবিলে সমাধান করতে হবে।

 


সবশেষে, পারস্পরিক প্রদ্ধাবোধ বজায় রেখে এবং ব্যক্তির মতামত কুরবানি দিয়ে হলেওদেশের ২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আকুল আবেদন জানান তিনি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার