জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে এক সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মুফতি আলী হাসান উসামা। বক্তব্যে দেশের বর্তমান প্রেক্ষাপট ও জনদুর্ভোগ তুলে ধরে তিনি বলেন, একদিকে মানুষের বিদ্যুৎ নাই, গ্যাস নাই, ঠিকভাবে খাবার—দাবার নাই, হাসপাতালে গেলে চিকিৎসা নাই—কিছুই নাই। খালি নাই, নাই, নাই। আর অন্যদিকে জাতির মাথায় বহু শিরকি ও কুফরি আইন চাপানো আছে, নতুন করে আরও জাহেলিয়াত চাপানোর চেষ্টা করা হচ্ছে।

 


সরকারের কার্যকারিতা ও দেশের আইন ব্যবস্থার সমালোচনা করে তিনি আরও বলেন, এমনিতেই আমরা গজবের উপযুক্ত হয়ে আছি, আল্লাহ এখনো গজব দেন নাই—সেটি আল্লাহর শুকরিয়া। কিন্তু কিছু মানুষ গজব ত্বরান্বিত করার চেষ্টা করছে। কোনো সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় জনগণ বলে যে এরা বেশিদিন লাস্টিং করবে না—ইতিহাসে এমন ঘটনা বিরল।

 


ইসলামী শাসনের স্বর্ণালী যুগের উদাহরণ টেনে তিনি বলেন, ওমর বিন আব্দুল আজিজ মাত্র আড়াই বছরে পুরো বিশ্বকে বদলে দিয়েছিলেন। শেরশাহ সুরির মোট শাসনামল ছিল পাঁচ বছর, কিন্তু তিনি এমন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যা এই অঞ্চলের জন্য স্বর্ণালী যুগ ছিল। দায়িত্ব পালন ও পরিবর্তনের জন্য আন্তরিক ইচ্ছাই যথেষ্ট।


পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মো. শামছউদ্দিন।

 


মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, কলাউড়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুছ ছাত্তার এবং বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
মাহফিলে বিপুল সংখ্যক স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার