প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১০
সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৪২ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব—৯—এর একটি দল। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সদর থানাধীন নতুন কোর্ট পয়েন্টের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কোরবান আলীর ছেলে মো. আবুল কালাম (৩৯) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামের মৃত সুকুমার দত্তের ছেলে কাঞ্চন দত্ত ওরফে ঝন্টু (৩৫)।
র্যাব জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব—৯, সিপিসি—৩ (সুনামগঞ্জ) এর একটি আভিযানিক দল জানতে পারে যে, নতুন কোর্ট পয়েন্ট এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের দলটি দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদক থাকার কথা স্বীকার করলে, তাদের কাছে থাকা দুটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১৪২ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট র্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন