প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৩
নগদ টাকা বা স্বর্ণালংকার নয়, চুরি হয়ে গেছে বিয়ের স্মৃতিমাখা শাড়ি। আর সেই শাড়ি হারিয়ে স্ত্রীর মন খারাপ দেখে চোরের কাছে তা ফেরতের আবেগঘন আকুতি জানিয়েছেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে দিরাই পৌরসভার মজলিশপুর এলাকায়।
ভুক্তভোগী পরিবারের তথ্যমতে, গত মঙ্গলবার দিবাগত রাতে শিক্ষক রাহুল তালুকদার পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে অবস্থান করছিলেন। বাসা ফাঁকা থাকার সুযোগে চোর স্টিলের দরজার ছিটকিনি ভেঙে ভেতরে ঢোকে। চোরেরা স্টিলের আলমারি তছনছ করে অন্যান্য দামি পোশাকের সঙ্গে রাহুল তালুকদারের স্ত্রীর বিয়ের শাড়িটিও নিয়ে যায়।
অন্যান্য ক্ষতির চেয়ে স্ত্রীর বিয়ের শাড়িটি হারিয়ে যাওয়াতেই বেশি ভেঙে পড়েছে পরিবারটি। স্ত্রীকে সান্ত্বনা দিতে না পেরে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দেন শিক্ষক রাহুল তালুকদার।
পোস্টে তিনি লিখেছেন, কয়েক দিন আগে তাঁদের বাসায় চুরি হয়েছে। চোর কাপড়চোপড়সহ তাঁর স্ত্রীর বিয়ের শাড়িটিও নিয়ে গেছে। অন্যান্য জিনিসের ক্ষতি কোনোভাবে মেনে নেওয়া গেলেও ওই শাড়িটির সঙ্গে তাঁদের অনেক আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে। স্ত্রী শাড়িটি হারিয়ে খুবই মন খারাপ করে আছেন বলেও জানান তিনি।
রাহুল তালুকদার লেখেন, এখন তো অনলাইনের যুগ, নেটের যুগ। জানি, এই কথাটি হয়তো চোরের কাছে পৌঁছানোই অসম্ভব—তবুও কেন জানি মনে হলো, হয়তো সেও মোবাইল ব্যবহার করে, হয়তো কোনোভাবে এই কথাটি তার চোখে পড়তে পারে।
তিনি আরও অনুরোধ করেন, শাড়িটি যদি চোরের কাছে থেকে থাকে এবং টাকার বিনিময়ে সেটি ফেরত দিতে রাজি থাকে, তাহলে যেন শাড়িটি তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। প্রয়োজন হলে বিনিময়ে টাকা দিতেও তাঁরা রাজি আছেন বলে জানান তিনি।
রাহুল তালুকদার বলেন, শাড়িটির মূল্য আমাদের কাছে টাকার চেয়ে অনেক বেশি। বাকি জিনিসপত্রের কথা বাদ দিলাম। শুধু আমার স্ত্রীর বিয়ের শাড়িটা যদি ফিরিয়ে দিতেন, তাহলে সত্যিই কৃতজ্ঞ থাকতাম।
উপজেলার খবর থেকে আরো পড়ুন