প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৪
পৌর শহরের একটি বেসরকারি স্কুল চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পাশে বখাটেপনা করার সময় চার শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ। হেফাজতে নেয়া চার শিক্ষার্থী একই এলাকার বাসিন্দা। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ডেকে সমাজসেবা অফিসের শিশু কর্মকর্তার মাধ্যমে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
পুলিশ জানায়, ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পাশে নির্জন এলাকায় মাদক সেবন ও বখাটেপনা করছিল শিক্ষার্থীরা। একজন সচেতন নাগরিক ফোন দিয়ে পুলিশকে জানালে, পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে হেফাজতে নেয়। পরে তাদের স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবককে অবগত করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ জানান, মৌখিক অভিযোগ পেয়ে চার শিক্ষার্থীকে হেফাজতে নেয়া হয়েছিল। যেহেতু তারা শিশু তাই সমাজসেবা অফিসের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হয়েছে। স্কুলের পাশে ইভটিজিং বা বখাটেপনার কোন সুযোগ নেই। পুলিশের কাছে তথ্য দিলে এরকম অভিযান অব্যাহত থাকবে।
জেলা সমাজসেবা অফিসের শিশু কর্মকর্তা মো জায়ফর বলেন, শিক্ষার্থীরা কিশোর এবং অধ্যয়নরত। ভবিষ্যৎ বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবক ও শিক্ষকের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। তারা অঙ্গিকার করেছে এরকম কর্মকাণ্ড আর করবে না।
উপজেলার খবর থেকে আরো পড়ুন