প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৬
শান্তিপুর নদীর বালু রক্ষায় বিএনপি নেতার জিডি
তাহিরপুরে শান্তিপুর নদীর পাড় থেকে ব্যক্তি মালিকানাধীন প্রায় ৬ একর ফসলি জমি থেকে রাতের আঁধারে বালু ও মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় এক মাসে ৫ কোটি টাকা মূল্যের বালু—মাটি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রবিবার এই বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও জমির মালিক আবুল কাসেম তাহিরপুর থানায় সাধারণ একটি ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, তাহিরপুর উপজেলার শান্তিপুর মৌজায় শান্তিপুর নদীর তীরে তার প্রায় ৬ একর ফসলি জমি রয়েছে। গত প্রায় এক মাস ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা রাতের আঁধারে ওই জমি থেকে বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে তার প্রায় ৫ কোটি টাকা মূল্যের বালু—মাটি লুট হয়েছে। বিষয়টি বন্ধে দিনের বেলায় বাধা দেওয়ার পরও রাতের আঁধারে নিষেধাজ্ঞা অমান্য করে একটি সংঘবদ্ধ চক্র শত শত নৌকা দিয়ে বালু লুট করে নিয়ে যাচ্ছে। পরে এসব বালু শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, কাউকান্দি ও তাহিরপুর সদর সহ আশপাশের বিভিন্ন এলাকায় স্তূপ করে বিক্রি করা হচ্ছে।
জমির মালিক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম বলেন, শান্তিপুর নদীর পাড় থেকে বালু লুটের কারণে তার ফসলি জমি নষ্ট হচ্ছে এবং শত শত নৌকায় করে বালু লুটকারীদের কাছ থেকে তিনি জমি রক্ষা করতে পারছেন না। ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতি ঠেকাতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেছেন তিনি।
তিনি বলেন, যে ভাবে নদী থেকে অবৈধ ভাবে বালু লুট করা হচ্ছে এতে সরকারের রাজস্ব হারাচ্ছে, ভাটি অঞ্চলের মানুষের ফসলি জমির ফসল রক্ষা বাঁধ হুমকির মুখে পড়ছে।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, এ বিষয়ে অনলাইনে একটি জিডি এন্ট্রির আবেদন আমরা পেয়েছি। তবে অনলাইনে আবেদন করলেও জিডিদাতা সরাসরি থানায় না আসলে তার কার্যকারিতা পাবেন না।
উপজেলার খবর থেকে আরো পড়ুন