প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৯
সংগৃহীত ছবি
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বৈরী আবহাওয়ার মধ্যে বালিবাহী চলন্ত নৌকায় বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক নৌ—শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে হাওরের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে নিজ বাড়িতে অবস্থান করার পর বৃহস্পতিবার ভোরে শিপু মিয়া প্রতিবেশী একজনকে সাথে নিয়ে বালু বহনের নৌকা চালিয়ে ট্যাকেরঘাটের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৭টার দিকে নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাত ঘটে। এতে শিপু মিয়া গুরুতর আহত হয়ে নৌকার উপর গড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে নৌকায় থাকা তার সঙ্গী তাকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিপু মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। শোক ও স্বজনদের আহাজারিতে নয়াহাটি গ্রামের পরিবেশ এখন ভারী।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন