প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০২
সু.খবর ছবি
বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৩ বোতল বিদেশী মদসহ সবুজ মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)—৯।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আমড়াগড়া এলাকার মৌড়াকুড়া কাদিরের পয়েন্টের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ মিয়া শান্তিগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, বুধবার রাতে এসআরবি—৯, সিপিসি—৩ (সুনামগঞ্জ) এর একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি বাজারে টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মৌড়াকুড়া কাদিরের পয়েন্টে পাকা রাস্তার ওপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়—বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে অভিযান চালালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সবুজ মিয়া একটি প্লাস্টিকের বস্তা হাতে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আভিযানিক দল ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বস্তার ভেতরে মাদক থাকার কথা স্বীকার করলে বস্তাটি তল্লাশি করে ৩৩ বোতল বিদেশী মদ উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত মদ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সবুজ মিয়া জানিয়েছে।
সিলেট এসআরবি—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি—৯ এর গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আলামতসহ তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন