ছাত্রদলের মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫২

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। রবিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি হয়। কর্মসূচির শুরুতে ফগার মেশিনের মাধ্যমে কলেজ প্রাঙ্গণে মশক নিধন করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস ও আশপাশের পরিবেশ পরিষ্কার—পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান ছাত্রদলের নেতারা।

 

 

 

 

 


মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ১০০টি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিটি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পালন করা হয়েছে বলে জানানো হয়।

 


জেলা ছাত্রদলের সভাপতি তারেক রহমান বলেন, ডেঙ্গু একটি মারাত্মক ব্যাধি। এ থেকে বাঁচতে আগে থেকেই সচেতনতা প্রয়োজন। শুধু নিজে সচেতন হলে হবে না, পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে।

 


তিনি বলেন, বাসাবাড়ি ও আশপাশে দীর্ঘদিন পানি জমে থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। ছাদসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।

 


সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদত হোসেন বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা দীর্ঘদিন কষ্ট ভোগ করেন। সারা দেশেই এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
তিনি বলেন, এই কলেজের বিশাল ক্যাম্পাসে প্রচুর গাছপালা থাকায় এখানে বিভিন্ন ধরনের মশার উপদ্রব রয়েছে। কলেজ ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত রাখতে উদ্যোগ নেওয়ায় জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানান তিনি।

 


অধ্যক্ষ আরও বলেন, পৌরসভার সহযোগিতায় নেওয়া এ উদ্যোগ কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সুন্দর ও স্বাস্থ্যবান সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার