প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৭
জগন্নাথপুর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়চর্চা ও নৈতিকতা বিকাশের লক্ষ্যে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের কর্মসূচির অংশ হিসেবে এসব স্টোর উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় প্রথমে বেলা ১১ টায় উপজেলা সদরের জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরসদস্য শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী। এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইলিয়াছ উদ্দিন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. হুমায়ুন কবির, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ উপস্থিত ছিলে। পরে সততা স্টোরের ফিতা কেটে উদ্বোধন করেন ইউএনও মো. ইসলাম উদ্দিন। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথিসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
এদিকে দুপুর ১টায় পৌরসভার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। পরে বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আক্কাছ আলীর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান জোয়ারদার পলাশের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী, প্রধান শিক্ষক ফররুখ আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. হুমায়ুন কবির। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী নোমান আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত ও আদর্শ সমাজ গঠনে ছাত্রজীবন থেকেই সততার অভ্যাস গড়ে তুলতে হবে। এই সততা স্টোরগুলো শিক্ষার্থীদের বিক্রেতাহীন দোকানে কেনাকাটার মাধ্যমে সততা ও নৈতিকতার এক অনন্য বাস্তব শিক্ষা দেবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন