দুশ্চিন্তায় নিম্নআয়ের মানুষ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৬

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়ায় জেলার কৃষক, গাড়িচালক ও নিম্নআয়ের মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ায় উৎপাদন ও পরিবহন খরচ বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। এতে কৃষিকাজসহ দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার শঙ্কা করছেন নিম্নআয়ের মানুষ।

 


রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে সরকার। সোমবার থেকে নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাতেরটেক এলাকার কৃষক আলী হোসেন বলেন, আমাদের কৃষকদের ‘মড়ার উপর খাঁড়ার ঘা।’ এমনিতেই সার, কীটনাশকসহ কৃষির সব উপকরণের দাম বেশি। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ায় আমাদের আরও সমস্যায় পড়তে হবে।

 


তিনি আরও বলেন, আমরা কৃষক, জমি—জমা চাষ না করে তো কোনো উপায় নেই। বছর বছর লোকসান জেনেও চাষাবাদ করতে হয়। ধানের দাম কম থাকায় গত বছর লোকসান হয়েছে। আবার আমন চাষাবাদ করছি। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ছে। আমরা খুব বিপদে আছি। আমাদের কষ্টের কথা বলার জায়গা নেই।


গাড়িচালক ফারুক আহমেদ বলেন, ডিজেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বেড়েছে। আমার প্রতিদিন প্রায় ৩০ লিটার ডিজেল প্রয়োজন হয়। এতে দৈনিক প্রায় ৬০০ টাকা অতিরিক্ত খরচ হবে। তিনি বলেন, আমরা ভাড়া বাড়াইনি। যে লোকসান হচ্ছে, সেটা আমরা গাড়িচালক ও মহাজন মিলেই বহন করছি।

 


দোয়ারাবাজার উপজেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের একটি শাখায় চাকরি করেন সোনাহর আলী। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিম্নবিত্ত ও দরিদ্র মানুষের জীবনযাত্রায় চাপ আরও বাড়বে বলে মনে করেন তিনি। সোনাহর আলী বলেন, সরকারের পক্ষ থেকে আগেই জানানো উচিত ছিল যে, কোন তারিখ থেকে দাম বাড়বে এবং কত টাকা বাড়বে। কিন্তু হঠাৎ করে দাম বাড়ায় আমাদের খুবই সমস্যা হচ্ছে। নতুন সরকারের কাছে আমরা এটা প্রত্যাশা করিনি। নিম্নবিত্ত ও দরিদ্র মানুষের জন্য জীবন—জীবিকা চালানো খুবই কষ্টকর হবে।
তিনি বলেন, আমরা দৈনন্দিন ভাড়ায় বাইক চালিয়ে যে উপার্জন করি, তা দিয়ে পরিবার—পরিজন নিয়ে চলি। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে আমরা যাত্রীদের কাছ থেকে তো বেশি ভাড়া নিতে পারব না। কিন্তু আমাদের খরচ বেড়েছে। সরকারের কাছে অনুরোধ, জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখুন।

 


ভাড়ায় বাইক চালিয়ে সংসার চালান বাইকচালক হাসান আহমেদ হিরু। মা—বাবা, স্ত্রী ও সন্তানসহ আট সদস্যের পরিবার তার। তিনি বলেন, আজ থেকে পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে ২০ টাকা বেড়েছে। হঠাৎ করে দাম বাড়ার কারণে পরিবার—পরিজন নিয়ে চলতে কষ্ট হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে হাসান আহমেদ হিরু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি আমাদের গরিবদের দিকে তাকান। আমাদের কষ্টগুলো দেখেন। জ্বালানি তেলের দাম কমান, আমাদের বাঁচান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার