ডিলিং লাইসেন্স ছাড়া পণ্যের ব্যবসা নিষিদ্ধ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৯

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি জারি

সুনামগঞ্জ জেলায় ডিলিং লাইসেন্স ছাড়া যে কোনো ধরণের অত্যাবশ্যকীয় পণ্যের ব্যবসা পরিচালনা ও লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।   

 


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন—১৯৫৬, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আদেশ—১৯৮১, ‘স্বর্ণ (সংগ্রহ, মজুদ ও বিতরণ) আদেশ—১৯৮৭’ এবং ২০১২ সালের ১৫ জুলাই সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত ৩৮টি অত্যাবশ্যকীয় পণ্যের ব্যবসা ও লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাধ্যতামালিকভাবে ডিলিং লাইসেন্স গ্রহণ ও নবায়ন করতে হবে।   

 


এছাড়াও অত্যাবশ্যকীয় পণ্যের ব্যবসা পরিচালনার পূর্বে জেলা প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় ডিলিং লাইসেন্স গ্রহণ করতে হবে। ডিলিং লাইসেন্স ব্যতীত কোনো পণ্য ব্যবসা, মজুদ, সরবরাহ বা বিতরণ করা যাবে না। স্বর্ণ, জুয়েলারি ও স্বর্ণজাত পণ্যের ব্যবসা/কারিগরি কার্যক্রমের ক্ষেত্রে স্বর্ণ (সংগ্রহ, মজুদ ও বিতরণ) আদেশ—১৯৮৭ এবং অন্যান্য আইনানুযায়ী প্রয়োজনীয় ডিলিং লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক। যারা ইতোমধ্যে ডিলিং লাইসেন্স গ্রহণ করেছেন, তাদের লাইসেন্সের শর্তাবলী যথাযথভাবে মেনে চলতে হবে এবং নির্ধারিত সময়ে লাইসেন্স নবায়ন করতে হবে। লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করলে কিংবা লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।  

 


গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা ৩৮টি অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে রয়েছে— লোহা ও ইস্পাতজাত দ্রব্য, সিমেন্ট, সুতি কাপড়, সুতা, জুয়েলারি ও স্বর্ণকারিগরী, শিশুখাদ্য/দুগ্ধ খাদ্য, সিগারেট, স্যানিটারি ও পানি সরবরাহের সরঞ্জাম, বৈদ্যুতিক যন্ত্রপাতি, তার ও কেবল, কয়লা, চিনি, সাইকেল ও এর যন্ত্রাংশ, যন্ত্রচালিত যানবাহন ও যন্ত্রাংশ, বিভিন্ন মসলা (আদা, রসুন, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনিয়া, জিরা, পেঁয়াজ, মরিচ, হলুদ, তেজপাতা), খাবার লবণ, কাগজ ও নিউজপ্রিন্ট, টেক্সটাইল, ডাল জাতীয় ফসল, চিকিৎসা সরঞ্জাম, খাদ্যদ্রব্য (ভোজ্য তেলবীজ, সয়াবিন, সরিষা, ভেজিটেবল ঘি ও পাম ওয়েল), ড্রাগ ও ওষুধ (অ্যালোপ্যাথিক), পেপার ও বোর্ড সামগ্রী, বৈজ্ঞানিক ও গবেষণাগারের যন্ত্রপাতি, রোগীর খাদ্য, সাবান, তুলা ও পশমী বস্ত্র, অভ্র, গ্যাসসহ রাসায়নিক দ্রব্য, কৃত্রিম রেশমী সুতা, দিয়াশলাই, কাঠ, সার, চর্বি, টর্চের ব্যাটারী, কেরোসিন তেল এবং ড্রাই সেল ব্যাটারি।  

 


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ব্যবসায়ী এখনও ডিলিং লাইসেন্স নেননি, তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখায় আবেদন করে দ্রুত লাইসেন্স সংগ্রহের অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে যোগাযোগের নম্বর: ০১৭৩০—৩৩১১০৬।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার