বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৯

জামালগঞ্জ

জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ—নদীর ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত শুল্ক আদায়ের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‎‎সোমবার দুপুরে উপজেলার লালপুর বাজারে জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতির উদ্যোগে এই কর্মসূচি হয়। এতে উপজেলার শতাধিক ব্যবসায়ী ও শ্রমিকরা অংশ নেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতির সভাপতি হোসেন আহমদ লাল।‎

 


‎সমিতির সাধারণ সম্পাদক আমিরুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক এবং বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। 

 


‎‎বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী মালামাল লোড—আনলোডের ক্ষেত্রে প্রতি ঘনফুটে একবার ৫০ পয়সা হারে শুল্ক আদায়ের কথা রয়েছে। কিন্তু জামালগঞ্জের বিভিন্ন ঘাটে লোড ও আনলোডের জন্য প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা শুল্ক আদায় করা হচ্ছে।‎
‎তাদের দাবি, নির্ধারিত হারের তুলনায় এ অতিরিক্ত শুল্ক আদায় সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। অতিরিক্ত শুল্কের কারণে ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখে পড়ছেন। এতে অনেক ব্যবসায়ী ব্যবসা—বাণিজ্য বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

 


‎‎বক্তারা আরও বলেন, এভাবে অতিরিক্ত শুল্ক আদায় অব্যাহত থাকলে জামালগঞ্জের পাথর ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকরা আরও ক্ষতির মুখে পড়বেন। ফলে হাজারো ব্যবসায়ী ও শ্রমিকের কর্মসংস্থান হুমকির মধ্যে পড়তে পারে।
‎‎এ অবস্থায় ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মসংস্থান এবং ব্যবসা—বাণিজ্য টিকিয়ে রাখতে বিআইডব্লিউটিএর নির্ধারিত হারে শুল্ক আদায় নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার