প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪০
সুনামগঞ্জ জেলা স্কাউটিং কার্যক্রম জোরদার ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাপস কান্তি গোলদার।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, দীর্ঘদিনের অচলাবস্থা ও কার্যক্রমের ঘাটতির কারণে অনেকেই হয়তো নিজের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে সচেতন নন। আঞ্চলিক পরিচালক সভায় এসে বিভিন্ন বিষয় পরিষ্কার করেছেন। এখন যেসব কাজ বাকি রয়েছে এবং যেসব কার্যক্রম করা হয়নি— সেগুলো নতুন করে শুরু করতে হবে।
তিনি বলেন, স্কাউটস একটি শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান। স্কাউটাররা শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা ও দেশপ্রেম। স্কাউটিং কার্যক্রমকে পুনরুজ্জীবিত করতে আঞ্চলিক পরিচালকের সুনামগঞ্জে আসাকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
জেলা প্রশাসক বলেন, কোনো পদ দীর্ঘদিন শূন্য থাকা বা সাংগঠনিক দায়িত্ব পালনে ঘাটতি থাকা কাম্য নয়। সমস্যা থাকলেও তার সমাধানের পথ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্কাউটসের দায়িত্বশীলদের সমন্বিত উদ্যোগে এসব সমস্যা সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, পরিষ্কার—পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে স্কাউটসের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। স্কাউটিংয়ের মূল উদ্দেশ্যই হলো নিঃস্বার্থভাবে জেলা ও দেশের কল্যাণে কাজ করা।
স্কাউটিং কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অর্থের সংস্থান বৈধ ও সঠিক পদ্ধতিতে সম্মিলিতভাবে নিশ্চিত করার উপর গুরুত্ব দেন তিনি।
সভায় জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিনসহ জেলার ১২ উপজেলার কমিশনার, সাধারণ সম্পাদক, স্কাউট লিডার ও কাব লিডাররা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন