প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪৬
প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
দুর্যোগের আগাম প্রস্তুতি, পূর্বাভাসনির্ভর কার্যক্রম এবং সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় দিরাই উপজেলার জগদল ও চরনারচর ইউনিয়নে ইতোমধ্যে প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিভিন্ন অংশীজনদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
প্রকল্পের সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোখলেছুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি শামসুল হক, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, সিএনআরএস সমন্বয়ক সাইফুল ইসলাম চৌধুরী, ইসলামিক রিলিফের প্রজেক্ট অফিসার শাখাওয়াত শান্ত সহ সংশ্লিষ্টরা।
প্রটোকলস অ্যান্ড ট্রিগার—বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেমস ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন (প্রতিষ্ঠা) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা হয়। কেয়ার বাংলাদেশ এর নেতৃত্বে এবং ইকো—সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভায় দুর্যোগের আগাম পূর্বাভাস বা আগাম পদক্ষেপ, ট্রিগার—বেইজড অ্যাকশন এবং সময়মতো মানবিক সহায়তা প্রদানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বন্যা, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি, খরা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি ও কার্যকর আগাম পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, দুর্যোগ সংঘটিত হওয়ার পর শুধু সাড়া দেওয়ার পরিবর্তে পূর্বাভাস ও নির্ধারিত ট্রিগারের ভিত্তিতে আগাম পদক্ষেপ নেওয়া গেলে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, এনজিও, গণমাধ্যম, সুশীল সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
সভায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে আগাম কার্যক্রম গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, প্রকল্পের কার্যক্রম যেন শুধু লোক দেখানো না হয়, বরং এর মাধ্যমে দুর্যোগপ্রবণ মানুষের বাস্তব উপকার নিশ্চিত করতে হবে।
সভায় প্রতিষ্ঠা প্রকল্পের ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার স্বপন কুমার দেবপ্রজেক্ট অফিসার মো. জাহিদুল হক, ফিল্ড ফ্যাসিলিটেটর প্রীতি রানী সরকার ও মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন