দিরাইয়ে পাভেলের নেতৃত্বে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৯

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে  দিরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

 


বুধবার দুপুরে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল। কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

 


প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল নানা ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ‘একটি গাছ, একটি প্রাণ’—এই স্লোগানকে ধারণ করে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা করতে হবে।
তিনি বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু চারা রোপণ করলেই হবে না, গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বন্যা, খরা ও জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ।

 


এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লাল বাঁশী দাস, সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়াসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে, বাড়ির আঙিনা ও খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
পরে অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেলসহ অতিথিরা শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার