প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৪
সুনামগঞ্জ পৌর শহরে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে এক পিস ইয়াবাসহ মো. রবিন (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে মাদক সেবনের অপরাধে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলার জগন্নাথবাড়ি মাছ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মো. রবিন পৌরসভার উত্তর আরপিননগর এলাকার মহিবুর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় রবিনের কাছ থেকে এক পিস ইয়াবা জব্দ করা হয়। পরে জব্দ করা ইয়াবা ঘটনাস্থলেই সম্পূর্ণ ধ্বংস করা হয়। মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে রবিনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।
উপজেলার খবর থেকে আরো পড়ুন