ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫০

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১৭

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া—পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস ও গোবিন্দগঞ্জ পয়েন্টে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট পক্ষগুলো দাবি করেছে।

 


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কলেজ ক্যাম্পাসে ধাওয়া—পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা গোবিন্দগঞ্জ পয়েন্টে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেখানে একাধিকবার ধাওয়া—পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া—পাল্টা ধাওয়ার ঘটনায় গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সিলেট—সুনামগঞ্জ ও ছাতক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গোবিন্দগঞ্জ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 


এদিকে ঘটনার সময় মোশাহিদ আলী নামে স্থানীয় এক সংবাদকর্মী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মিয়া মোহাম্মদ সাদ অভিযোগ করে বলেন, কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আসার সময় ছাত্রদলের নেতৃবৃন্দের উপর ছাত্রশিবিরের নেতাকর্মীরা আকস্মিক হামলা চালান। এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের ২০ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। নিজেও আহত হয়েছেন বলে জানান মিয়া মোহাম্মদ সাদ।
অন্যদিকে গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রশিবিরের সভাপতি মতিউর রহমান দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের কর্মীদের উপর হামলা করায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ছাত্রশিবিরের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

 


গোবিন্দগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি বলেন, কলেজ ক্যাম্পাসে কোনো মারামারি বা মিছিল—মিটিং হয়নি। কলেজের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে গোবিন্দগঞ্জ পয়েন্টে দুই পক্ষের মধ্যে ধাওয়া—পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে যান চলাচলও এখন স্বাভাবিক রয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার