শান্তিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩০

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী। গত ২০ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ায় তাঁকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সম্মতিক্রমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার। এ সময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 


রুমা চক্রবর্তী দীর্ঘ ৩৯ বছর ধরে শিক্ষকতা পেশায় রয়েছেন। ১৯৮৭ সালের ২ আগস্ট সহকারী শিক্ষক হিসেবে তাঁর শিক্ষকতা জীবন শুরু হয়। পরে ২০০৯ সালের ২৯ এপ্রিল সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি এর আগে দুইবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২০১০ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ের নির্বাচনে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ উন্নয়নে কাজ করে আসছেন। ২০১৩ সাল থেকে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠদানও চালু রয়েছে।

 


গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে রুমা চক্রবর্তী বলেন, উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত ও কৃতজ্ঞ। এই স্বীকৃতি আমার একার নয়, বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতার ফল। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান ও তাদের সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে আমাকে উৎসাহিত করবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার বলেন, রুমা চক্রবর্তী দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন এবং তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, দায়িত্বশীলতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে তাঁর ভূমিকা বিবেচনায় নিয়ে তাঁকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার