একাদশে ক্লাস শুরু আজ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫

সংগৃহীত ছবি 

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, এক দিন পিছিয়ে আজ থেকে দেশের বিভিন্ন উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির পাঠদান শুরু হবে।

 

 

এর আগে একাদশ শ্রেণির ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করা হয়।

 

 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো এক চিঠিতে জানায়, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

 

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রমও ধাপে ধাপে এগোচ্ছে। গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম ধাপের ভর্তির ফল প্রকাশ করা হয়। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলে।

 

 

প্রথম ধাপে ভর্তির পর এবার দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ২৭ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।

 

 

নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়নের জন্য ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

 

 

পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
সূত্র: কালবেলা .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার