প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৬
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে মদদের অভিযোগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম এ আদেশ দেন।
আদালতে জামিন শুনানিতে রুমেনের আইনজীবীরা দাবি করেন, মামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, কয়েকদিন আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলের পেছনে তার মদদ ছিল।
খায়রুল কবির রুমেনের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী হুমায়ূন মঞ্জুর চৌধুরীসহ একাধিক আইনজীবী। তারা আদালতকে বলেন, মামলার ঘটনায় রুমেন সম্পৃক্ত নন। এ মামলায় তাকে ৬৩ নম্বর আসামি করা হয়েছে। পরে তার জামিন মঞ্জুরের আবেদন জানানো হয়। অন্যদিকে, আদালতের সিএসআই বিশ্বজিৎ দাস জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, কয়েকদিন আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের পেছনে অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনের মদদ ছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের কাছে খবর আসে, তিনি জেলা আইনজীবী সমিতি ভবনে অবস্থান করছেন। এরপর ভবনের সামনের সড়কে সাদা পোশাকে পুলিশ সদস্যরা অবস্থান নেন। পরে রুমেন ভবন থেকে বের হলে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির তাকে মোটরসাইকেলে করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যান। তাদের সঙ্গে ডিবি পুলিশের একটি দলও থানায় যায়। থানার সামনে পৌঁছালে পুলিশ রুমেনকে হেফাজতে নেয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৩টার দিকে পুলিশি পাহারায় খায়রুল কবির রুমেনকে আদালত ভবনে নেওয়া হয়। পুলিশের সদস্যরা তাকে ঘিরে আদালত ভবনের উপরের তলায় নিয়ে যান। পরে আদালতের একটি কক্ষে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা ও কাগজপত্রের কাজ সম্পন্ন করা হয়। এ সময় পুলিশ কর্মকর্তা, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
খায়রুল কবির রুমেন ১৯৯৭ সালে আইন পেশায় যোগ দেন। তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য। এছাড়াও তিনবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাবা প্রয়াত আব্দুর রইছ সুনামগঞ্জ—৩ আসনের সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য ছিলেন। রুমেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের বড় ভাই।
উপজেলার খবর থেকে আরো পড়ুন