‘অপতথ্য রোধে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা জরুরি’

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৮

তথ্য অধিকার দিবস উপলক্ষে সভায় উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সিলেট আঞ্চলিক তথ্য অফিস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার।

 


প্রধান অতিথির বক্তব্যে হাছিনা আক্তার বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ জনগণকে আরও সচেতন হতে হবে। সরকারি—বেসরকারি কর্তৃপক্ষের দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, চুক্তি, মানচিত্রসহ আইন অনুযায়ী যেসব তথ্য জনগণ পাওয়ার অধিকার রাখেন, সেসব তথ্য নির্ধারিত পদ্ধতিতে আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরবরাহ করতে বাধ্য। তথ্য প্রাপ্তির আবেদন, তথ্যের মূল্য প্রদান, তথ্য সরবরাহের নির্ধারিত পদ্ধতি, আপিল ও অভিযোগের সুযোগ এবং তথ্য প্রদানে ব্যর্থতার ক্ষেত্রে আইনে নির্ধারিত ব্যবস্থা সম্পর্কে জনগণের জানা প্রয়োজন।

 


তিনি বলেন, তথ্য অধিকার আইন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ আইন। এ আইনের মাধ্যমে জনগণ সরকারের কাছে তথ্য চাইতে এবং সরকারি কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পায়। তবে আইনে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান ও তথ্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো তথ্য প্রকাশের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা সম্ভব হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্য প্রদানের বিষয়টিও আইনে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। তাই তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারণা অর্জন করে এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

 


উপপ্রধান তথ্য অফিসার বলেন, এবারের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য— ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ছে। এসব মাধ্যমে মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে পড়ার কারণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তরুণ প্রজন্মসহ সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করতে হবে।

 


আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের তথ্য অফিসার মো. আকিকুর রেজার সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীনের সঞ্চালনায় সভায় শাহ পরান কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার