প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৪
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার এলাকায় দোকানের পেছনের জায়গা দখলের চেষ্টা, গাছের ডালপালা কেটে ক্ষতিসাধন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুয়েল আহমদ নামে এক ব্যক্তি চারজনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গত ২৭ জুলাই ২০২৬ তারিখে করা জিডিতে অভিযুক্ত হিসেবে আবুল হোসেন (৫০), কালু মিয়া (৪৫), হাসান মিয়া (১৯) ও আতাউর রহমান সপন (৫২) এর নাম উল্লেখ করা হয়েছে। জিডিতে আরও কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, চকবাজার এলাকায় তফসিলভুক্ত প্রায় ৫ দশমিক ২৫ শতক বাজারভিটা জমি জুয়েল আহমদ ও তাঁর চাচা ক্রয় সূত্রে মালিক বলে দাবি করেছেন। ওই জমিতে দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
জুয়েল আহমদের অভিযোগ, দোকানের পেছনে প্রায় ১৪ ফুট জায়গা খালি রয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। ওই জায়গা দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা বিভিন্ন সময় সেখানে হস্তক্ষেপ করছেন বলে তিনি জিডিতে অভিযোগ করেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, এর আগে দোকানের পেছনের স্টিলের দরজা ও জানালা ওয়েল্ডিং করে বন্ধ করে দেওয়া হয় এবং ওই জায়গার ভেতরে পাকা দেয়াল নির্মাণ করা হয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি বলে জিডিতে দাবি করা হয়েছে।
এদিকে, গত ১২ জুলাই দুপুরে দোকানের পেছনের জায়গায় থাকা একটি বড় করই গাছের ডালপালা কেটে ফেলার অভিযোগও করেন জুয়েল আহমদ। এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। জিডিতে বলা হয়, গাছের ডাল কাটার সময় বাধা দিলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধরের হুমকি দেওয়া হয়। ভবিষ্যতে জায়গা ও সম্পত্তি নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা আইনগত জটিলতা এড়াতে থানায় জিডি করেছেন বলে জানান তিনি।
তবে জিডিতে উত্থাপিত জায়গা দখলের চেষ্টা, দেয়াল নির্মাণ, গাছের ডালপালা কাটার অভিযোগ ও হুমকি দেওয়ার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
দোয়ারাবাজার ওসি তরিকুল ইসলাম তালুকদার জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন