সিলেটে তরুণ সাংবাদিকের মৃত্যু, স্বাভাবিক নয় দাবি স্ত্রীর

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩৫

সিলেটের তরুণ সাংবাদিক তুহিনুল হক তুহিন

হৃদরাগ ও কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে সিলেটের তরুণ সাংবাদিক তুহিনুল হক তুহিন (৩৭) মারা গেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে তিনি সিলেট নগরীর সাদারপাড়ার বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও মেয়েসহ বহু আত্মীয় গুণগ্রাহী রেখে গেছেন।


তবে তুহিনের মৃত্যু স্বাভাবিক নয় বলে তার স্ত্রী নাজমিন বেগম অভিযোগ করায় পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এশার নামাজের পর তার জানাজা শেষে দাফন হওয়ার কথা।

 


সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য তুহিনুল হক তুহিন বাংলা ট্রিবিউন—এর সিলেট বিভাগীয় প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমে সাংবাদিকতা করতেন। পাশাপাশি তিনি সিলেট আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার স্ত্রী নাজমিন বেগম প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি নিয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক পদে কর্মরত আছেন। তুহিন—নাজমিন দম্পতির ছয় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
ডা. নাজমিন বেগম বলেন, পারিবারিক কলহের কারণে তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। তুহিন কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ চিকিৎসা শেষে তার নিজ বাসায় (সাদাপাড়ার আল—আমিন আবাসিক এলাকার এ ব্লকের ১৮ নম্বর বাসা) ছিলেন। তাকে দেখতে গিয়ে একাধিকবার তিনি ফিরে এসেছেন। অসুস্থ স্বামীকে নিজের কাছে রাখতে লিখিত একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তুহিনের মৃত্যু নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমাকে তার মরদেহ দেখতে বাধা দেওয়া হয়েছে। তার মৃত্যু অসুস্থতাজনিত না চিকিৎসার অবহেলায় ঘটেছে, এ বিষয়ে নিশ্চিত হতেই ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।

 


এদিকে, তরুণ সাংবাদিক তুহিনুল হক তুহিনের অকাল মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সিউক) রেজাউল হাসান কয়েস লোদী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 


সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক শোকবার্তায় জানান, তুহিন ছিলেন প্রতিভাবান এক তরুণ সাংবাদিক। এই অবেলায় তার চলে যাওয়া সাংবাদিক অঙ্গনের জন্য এক বড় দুঃসংবাদ। এই শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার