প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ২২:২৯
সিলেট বিভাগে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় ৪৪ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে অক্টোবর মাসে দেশের সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে সুনামগঞ্জ তথা সিলেটের উজানে মেঘালয়ে মৌসুমে ৬০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে, যা ১৯০১ সালের পর সর্বনিম্ন। জুন—সেপ্টেম্বর মেয়াদে গড়ে ২,৬৯৫.৩ মি.মি এর বিপরীতে মাত্র ১,০৭৭.১ মি.মি বৃষ্টিপাত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে সেপ্টেম্বর মাসের আবহাওয়ার পর্যালোচনা তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, অন্যান্য বছরের গড় অনুপাতে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ৩৭১ মিলিমিটার। এর বিপরীতে সেপ্টেম্বর মাসে হয়েছে মাত্র ২০৭ মিলিমিটার বৃষ্টিপাত। ফলে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাতের ঘাটতি দাঁড়িয়েছে ৪৪.৩ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সিলেটে স্বাভাবিকভাবে ২৩ দিন বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও রেকর্ড করা হয়েছে ১৮ দিন। অর্থাৎ বৃষ্টিপাতের দিনের সংখ্যাও স্বাভাবিকের তুলনায় কম ছিল। তবে সেপ্টেম্বর মাসে সিলেটেই দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ১১ সেপ্টেম্বর সিলেটে ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। পাশাপাশি মাসের সর্বোচ্চ তাপমাত্রাও সিলেটে রেকর্ড করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় ১৭ দশমিক ৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। দেশের গড় বৃষ্টিপাত ছিল ২৬২ মিলিমিটার, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩১৯ মিলিমিটার।
অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে দেশের বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। ফলে সিলেট বিভাগেও অক্টোবরের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কেমন থাকে, সেদিকে নজর থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের নদ—নদীগুলোর পানি সেপ্টেম্বর মাসের পূর্বাভাস অনুযায়ী স্বাভাবিক প্রবাহের মধ্যে থাকতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
অপরদিকে আইএমডি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছরের ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেঘালয়ে মোট ১,০৭৭.১ মিমি বৃষ্টিপাত হয়েছে, যেখানে এই মৌসুমে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২,৬৯৫.৩ মিমি। অর্থাৎ এতে সামগ্রিকভাবে ৬০ শতাংশ ঘাটতি দেখা গেছে। ৯ জুন মেঘালয়ে মৌসুমি বায়ু প্রবেশ করেছিল।
আইএমডি আরও জানায়, ১৯০১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সমগ্র উত্তর—পূর্ব ভারতে এ বছর দক্ষিণ—পশ্চিম মৌসুমি বায়ুর সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব ও উত্তর—পূর্ব ভারতে মাত্র ১,০১৭.১ মিমি বৃষ্টিপাত হয়েছে। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের জন্য এই ঘাটতি জুন থেকে সেপ্টেম্বর—চার মাস জুড়েই অব্যাহত ছিল।
বৃষ্টিপাত আশঙ্কাজনক পরিমাণে কমে যাওয়ায় জলাবায়ুর সমূহ বিপর্যয় ও উৎপাদন এবং জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বিশেষজ্ঞগণের।
উপজেলার খবর থেকে আরো পড়ুন