প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ২২:৩১
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাশ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার বাপ্পী। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মনি কাঞ্চন দাস ও পৌর সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাশ। শুরুতে পবিত্র গীতা পাঠ করেন অমৃত চক্রবর্তী।
উপদেষ্টা পরিষদের সদস্য যোগেশ্বর দাশ, সুখেন্দু সেন, সাবেক সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলার আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব বিমল বণিক, জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা রুপালী সোম পম্পা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. অঞ্জন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সিনিয়র সহসভাপতি চঞ্চল কুমার লৌহ ও দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এছাড়াও বক্তব্য দেন সদর উপজেলা সভাপতি সন্তু রায়, তাহিরপুরের সম্পাদক গণেশ তালুকদার, শান্তিগঞ্জ উপজেলার সভাপতি জ্যোতিভূষণ তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার বর্মন এবং ছাতক পৌর সভাপতি অরুণ অধিকারী, আসাউরা পূজামণ্ডপের সাধারণ সম্পাদক কর্ণবাবু দাশ, রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপের সাধারণ সম্পাদক মুক্তিপদ রায় বাবু, কেজাউরা পূজামণ্ডপের সভাপতি সুকুমার দাশ, মল্লিকপুর পূজামণ্ডপের সাধারণ সম্পাদক লিপন বৈদ্য।
পূজামণ্ডপে বৈদ্যুতিক সংযোগ, আলোকসজ্জা, প্রবেশ ও বের হওয়ার পথ, অগ্নিনিরাপত্তা ও জরুরি যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সিসি ক্যামেরা, জেনারেটর ও বিকল্প আলোর ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন করে দায়িত্ব ভাগ করে দেওয়ার কথাও বলা হয়।
বক্তারা আরও বলেন, কোনো সন্দেহজনক ঘটনা ঘটলে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানাতে হবে। গুজবে কান না দেওয়া, গুজব না ছড়ানো, পরিবেশ রক্ষা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানানো হয়।
সভায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, নিরাপত্তা, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন