প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ১১:২১
সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার বালিতে শুটিং করতে গিয়ে গুরুতর দুর্ঘটনায় পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। এতে তার মেরুদণ্ডে চিড় ধরে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত মুম্বাই ফিরিয়ে এনে অস্ত্রোপচার করা হয়েছে। দুর্ঘটনার এক সপ্তাহ পর নিজের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবার কথা বলেছেন এই অভিনেত্রী।
ইনস্টাগ্রাম স্টোরিতে জানালার পাশে রাখা একটি খালি হুইলচেয়ারের ছবি দিয়ে নুসরাত লেখেন, ‘চিরকালই তো সূর্যাস্তের পেছনে ছুটে চলেছি। আর ঠিক তখনই আমার পুরো আকাশটা বদলে গেল। কিন্তু, পিকচার অ্যাভি বাকি হ্যায় মেরে দোস্ত!’। তার এই বার্তায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, আসন্ন একটি ছবির শুটিং ও ব্যক্তিগত ছুটি কাটাতে বালিতে গিয়েছিলেন নুসরাত। গুঞ্জন রয়েছে, ছবিটিতে তিনি অভিনেতা টাইগার শ্রফের বিপরীতে কাজ করছেন। গত ১ অক্টোবর ছবির শুটিং চলাকালে তিনি দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পর পরই তাকে বালির একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। প্রথমে বিদেশে চিকিৎসার কথা ভাবা হলেও পরে গত ২ অক্টোবর নুসরাতের টিমের পক্ষ থেকে জানানো হয়, তার মেরুদণ্ডে চিড় ধরায় চিকিৎসার জন্য দ্রুত মুম্বাই নেওয়া হচ্ছে। পরে মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে বিশ্রামে রয়েছেন।
সূত্র:কালবেলা .কম
সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন