বিশ্বম্ভরপুরে ‘কেয়ার ব্রিজ’ ফ্রি মেডিকেল ক্যাম্প ১৩ অক্টোবর

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ২৩:০৯

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ প্রদানের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে ‘কেয়ার ব্রিজ ফ্রি মেডিকেল ক্যাম্প’। উপজেলার হালাবাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস)-এর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ইউনিট যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করছে। ক্যাম্পটির পৃষ্ঠপোষকতায় রয়েছে অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড ও রেনেটা লিমিটেড।

 

আয়োজকরা জানান, সকাল ৯টা থেকে রোগীদের রেজিস্ট্রেশন ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে এবং বিকেল ৫টা পর্যন্ত একটানা চলবে। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের দেখবেন এবং প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যগত পরামর্শ প্রদান করবেন। এছাড়া ক্যাম্পে ব্লাড গ্রুপিংও করা হবে। 

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুযোগ পাবেন। স্থানীয় মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ক্যাম্পের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় বিএমএসএস ও পুসাবের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা রোগীদের রেজিস্ট্রেশন, চিকিৎসকের কাছে পৌঁছানো এবং ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করবেন।

এ বিষয়ে পুসাবের স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক ও বিএমএসএস সিওমেক শাখার অর্থ সম্পাদক মেহেদী হাসান সৌরভ বলেন, “বিশ্বম্ভরপুরের সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ পৌঁছে দেওয়াই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষ করে যেসব মানুষ অর্থনৈতিক বা অন্যান্য কারণে নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের জন্য এই মেডিক্যাল ক্যাম্প কিছুটা হলেও সহায়ক হবে। আমরা আশা করছি, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পটি সফল হবে।”

আয়োজকদের পক্ষ থেকে বিশ্বম্ভরপুর উপজেলার চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষকে আগামী ১৩ অক্টোবর সকাল ৯টা থেকে হালাবাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য যে বিশ্বম্ভরপুর থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে পুসাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিশ্বম্ভরপুরের উন্নয়নে নানাবিধ কর্মকান্ড পরিচালনা করছে।  

অন্যদিকে ২০০৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংগঠন বিএমএসএস। প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত আছে সংগঠনটি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার