প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ২২:১৭
সংবাদ প্রকাশের পর দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন যুবদলের সহ—সভাপতি আমির আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সুনামগঞ্জ জেলা যুবদল। রবিবার সুনামগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দোহালিয়া ইউনিয়ন শাখার সহ—সভাপতি আমির আলী পদে আসীন থেকে সমাজবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে সংগঠনকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছেন, যা জাতীয়, স্থানীয় দৈনিক পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এহেন আচরণের জন্য কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না— তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ কয়েছের নিকট লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য, দোহালিয়া ইউনিয়নের স্থানীয় বঙ্গবন্ধু বাজারের এক নারী হোমিওপ্যাথি চিকিৎসক নিকট সুদের টাকা পরিশোধের পরও অতিরিক্ত টাকা দাবি, ব্ল্যাকমেইল ও ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠে আমির আলীর বিরুদ্ধে। গত ২ অক্টোবর বঙ্গবন্ধু বাজারে এই ঘটনা ঘটে। পরবর্তীতে ৭ অক্টোবর ভুক্তভোগী নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবি জানিয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে গণমাধ্যমে ‘সুদের টাকা শোধের পরও অতিরিক্ত দাবি ও গৃহবধূকে ধর্ষণচেষ্টা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে আসে এবং এরই প্রেক্ষিতে এই সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন