সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ২২:২৩

যাবজ্জীবন কারাদণ্ড -প্রতীকী ছবি।

বিশ্বম্ভরপুর উপজেলায় প্রতিবেশীকে ‘অলক্ষী’ বলে অপবাদের জেরে বাঁশের লাঠির আঘাতে সুধাংশু বিশ্বাস হত্যার ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। রবিবার সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন।   

 


মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হলেন— বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের রতিশ বিশ্বাসের ছেলে রবিন বিশ্বাস। রায়ে তাকে দণ্ডবিধি ১৮৬০—এর ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়াও অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামি চিনু রানী বিশ্বাসকে খালাস প্রদান করা হয়েছে। উভয় আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।  

 


মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৫ জুন আসামি রবিন বিশ্বাসের বোন শিপ্রা রানী বিশ্বাস ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এরপর থেকেই আসামি চিনু রানী বিশ্বাস প্রায়ই প্রতিবেশী সুধাংশু বিশ্বাসকে অলক্ষী বা কাল বলে অপবাদ দিতেন। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৫ আগস্ট দুপুরে চিনু রানী বিশ্বাস ও তাঁর ছেলে রবিন বিশ্বাস সুধাংশু বিশ্বাসকে গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তাদের মধ্যে তর্কাতর্কি ও মারামারির পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় লোকজন এসে পরিস্থিতি শান্ত করার সময় আসামি চিনু রানী বিশ্বাস তার হাতে থাকা চিকনের গুড়ি (বাঁশের লাঠি) ছেলে রবিন বিশ্বাসের হাতে তুলে দিয়ে সুধাংশুকে খুন করার নির্দেশ দেন। তখন রবিন বিশ্বাস ওই লাঠি দিয়ে সুধাংশুর পিছু ধাওয়া করে সজলা বিশ্বাসের ঘরের সামনে গিয়ে তার মাথার পেছনে আঘাত করেন, যাতে তিনি গুরুতর জখম হন। আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই (২৫ আগস্ট ২০১৭) বিকালে তিনি মারা যান।   

 


ঘটনার পরদিন বিশ্বম্ভরপুর থানার এসআই (নিঃ) সোহেল আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন এবং সাক্ষীদের উপস্থিতিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আনুমানিক ২ ফুট ৯ ইঞ্চি লম্বা ও ৯টি গিরাযুক্ত বাঁশের লাঠি জব্দ করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রবিবার এই রায় ঘোষণা করেন।  
আদালত রায়ে উল্লেখ করেন, দণ্ডিত আসামি ইতোমধ্যে হাজতবাস করে থাকলে তা তার মূল কারাদণ্ড থেকে বাদ যাবে এবং পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার