প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ২২:৩৭
ছাতকে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে এসআরবি—৯, সিপিসি—৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে এসআরবির একটি আভিযানিক দল জানতে পারে যে, ছাতক থানাধীন নোয়ারাই ইউনিয়নের বেতুরা এলাকায় জনৈক সন্টু মিয়ার বসতবাড়ির উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন একটি বাঁশঝাড়ের ভেতরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়—বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে এসআরবির দলটি ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা অজ্ঞাতনামা ২—৩ জন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় তারা ঘটনাস্থলে একটি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে রেখে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া পলিথিনের ভেতরে থাকা একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশী রিভলবার উদ্ধার করে আভিযানিক দলটি। উদ্ধারকৃত রিভলবারটিতে ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিন রয়েছে এবং এর এক পাশে ইংরেজিতে ‘USA’ লেখা রয়েছে।
সিলেট এসআরবি—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ২—৩ জনের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন