প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২২:৪২
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) সুনামগঞ্জ ইউনিটের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, বর্তমান কার্যক্রমের শক্তি ও ঘাটতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (BOCA 2.0)’ শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে।
গত ১১ ও ১২ অক্টোবর শহরের কালীবাড়িস্থ প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে প্রাতিষ্ঠানিক উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
এতে প্রশিক্ষরা বলেন, BOCA 2.0 পদ্ধতির মাধ্যমে সাংগঠনিক সক্ষমতার বর্তমান অবস্থা পর্যালোচনা করে স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তা কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। এর মাধ্যমে দুর্যোগ প্রস্তুতি এবং জরুরি সাড়াদান কার্যক্রমে সুনামগঞ্জ ইউনিট আরও বেশি সুসংহত ও টেকসই রূপ লাভ করবে। সুনামগঞ্জকে সত্যিকার অর্থে একটা মডেল ইউনিটে রূপান্তর করতে এসব কার্যক্রম বেগবান করার কোন বিকল্প নেই।
রবিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই কর্মশালার সমাপ্তি টানা হয়।
সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এডভোকেট মল্লিক মো. মঈন উদ্দীন আহমেদ'র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাডভোকেট মো. শামসুর রহমান, মাহবুবুর রহমান পীর, আব্দুস সাত্তার মামুন, ইজাজুল হক চৌধুরী নাসিম এবং ইউনিট অফিসার কনিকা তালুকদার প্রমুখ।
পুরো কর্মশালায় সফলভাবে প্রশিক্ষণ পরিচালনা করেন প্রশিক্ষক মোহাম্মদ মেহেদী হাসান ও সাইদুর হাসান শাওন। এতে সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ইউনিট লেভেল অফিসার, আজীবন সদস্য, যুব সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্ট'র দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন